২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওর স্বাক্ষর জাল করে বিল তোলার চেষ্টার অভিযোগ, আসামি ৩ মাদ্রাসা শিক্ষক

তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মঠবাড়িয়া থানার ওসি জানান।

ইউএনওর স্বাক্ষর জাল করে বিল তোলার চেষ্টার অভিযোগ, আসামি ৩ মাদ্রাসা শিক্ষক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 11:54 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও’র স্বাক্ষর জাল বিল উত্তোলনের চেষ্টার অভিযোগ ওঠেছে। 

এ ঘটনায় ইউএনও আবদুল কাইয়ুমের নির্দেশে সহকারী প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান বুধবার রাতে উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলাটি করেন বলে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল আল মামুন জানান।  

আসামিরা হলেন- মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জাকারিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. আলমগীর হোসেন ও প্রভাষক মাসুম গাজী।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, প্রভাষক আলমগীর হোসেন দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকায় তার বিল-বেতন বন্ধ রয়েছে। ৫ অগাস্টের পর মাদ্রাসার সভাপতি হন মঠবাড়িয়ার ইউএনও আবদুল কাইয়ূম এবং মাওলানা জাহাঙ্গীর হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। 

এরপর বিল উত্তোলনের জন্য আলমগীর হোসেন, মাসুম গাজী ও মাওলানা জাকারিয়া পরষ্পর যোগসাজসে ইউএনও ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সিল ও স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরি করেন। পরে রোববার সহকারী শিক্ষক জাকারিয়া এসব কাজপত্র সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখায় জমা দেন।

বিষয়টি জানতে পেরে ইউএনও ব্যাংক কর্মকর্তাদের বিল পরিশোধ না করে কাগজপত্র আটকে রাখতে বলেন। বিষয়টি টের পেয়ে মাওলানা জাকারিয়া ব্যাংক থেকে পালিয়ে যান। এরপর থেকে আত্মগোপনে আছেন তিনি। 

এ বিষয়ে প্রভাষক আলমগীর হোসেন বলেন, “আমি বিল পাই। তবে ইউএনওর স্বাক্ষর ও সিল জালিয়াতির বিষয়টি আমার জানা নেই।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন বলেন, “সহকারী শিক্ষক জাকারিয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদ্রাসার বিল ও কাগজ ব্যাংকে জমা দিয়ে আসছি। কিন্তু জালিয়াতির বিষয়টি অনাকাঙ্ক্ষিত।” 

ইউএনও আবদুল কাইয়ুম বলেন, “আমার স্বাক্ষর ও সিল নকল করে ব্যাংকে বিলের জন্য জমা দেওয়া হয়েছিল। বিষয়টি নজরে আসার পর যাচাই-বাছাই করে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।”