১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরগুনায় নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়েছে নথিপত্র-ব্যালট বাক্স

“আগুনে পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।”

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 12:28 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে বলে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, “আগুনে এনআইডি কার্ড শাখার কক্ষটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ওই কক্ষে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ছিল। সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।”

তিনি বলেন, অগ্নিকাণ্ডের পরপরই জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার বর্ণনায় জেলা নির্বাচন কার্যালয়ের নৈশপ্রহরী মো. শাকিল বলছিলেন, “অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে এনআইডি কার্ড শাখা রুমের মধ্যে শব্দ শুনতে পায়। পরে সে আমাকে বিষয়টি জানালে আমি রুমের কাছে যেতেই দেখি বড় বড় আগুনের গোলা বের হচ্ছে। আমি তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে বিদ্যুতের সার্কিট ব্রেকার অফ করে দেই এবং অফিসে বড় স্যারদের জানাই।

“পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।” 

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির উজ্জামান বলেন, “অগ্নিকাণ্ডের সময় অনেকেই ঘুমিয়ে ছিল। যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে।” 

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, “সকাল ৭টা ২৬ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

“পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। শুধু এনআইডি কার্ড শাখার হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়ে গেছে।” 

অগ্নিকাণ্ডের কারণ জানতে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু নাইটগার্ডসহ অফিসের বিভিন্ন লোকজন ঘটনাটি দেখেছেন। তদন্ত করে বাকিরা বলা যাবে।”