চাঁদাবাজির মামলায় মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার রাতে ওই দুইজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে মেহরাব খান এবং শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে আশরাফুল ইসলাম রাজু। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব।
দুপুরে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, মঙ্গলবার রাতে ওই দুইজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন, “মেহরাব ও আশরাফুল জুলাই-অগাস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখে ছিলেন। অভ্যুত্থানের পর তারা সততার সঙ্গে ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখছেন।
“তাদের কোনো কাজে ভুল হলে দুঃখ প্রকাশ করছি। সেইসঙ্গে তাদের ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
মামলার বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহকে একাধিকবার মোবাইল করা হলেও তিনি ফোন ধরেননি।
