১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুর খনন ও বালু উত্তোলন করায় ৩ লাখ টাকা জরিমানা

তাড়াশে আবাদি জমিতে পুকুর খনন এবং কাজিপুরে যমুনা নদীরক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 02:11 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আবাদি জমিতে পুকুর খনন করায় দুই লাখ এবং কাজিপুরে যমুনা নদীরক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে থেকে রাত ৯টা পর্যন্ত তাড়াশ উপজেলার কয়েকটি স্থানে চালানো অভিযানে জরিমানার পাশাপাশি ভেকু মেশিনের ১২টি ব্যাটারি ও এক ব্যারেল তেল জব্দ করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার উম্মে নাজনিন নিশাত বলেন, বালু মহাল ও বালু ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে তাড়াশ উপজেলার কয়েকটি স্থানে আবাদি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। 

খবর পেয়ে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্যাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রামামাণ আদালতে বসিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করে আটকদের ছেড়ে দেওয়া হয়। 

অভিযানে তাড়াশ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, যমুনা নদীরক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলন করায় খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেঘাই ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে পাঁচ শ্রমিককে আটকের পাশাপাশি একটি করে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক শ্রমিকদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

সেইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা দেওয়ায় ড্রেজার ও বাল্কহেড ফেরত দেওয়া হয় বলে জানান নাঈমা জাহান সুমাইয়া।

অর্থদণ্ড পাওয়ারা হলেন- মো. সালাউদ্দিন (৪০), শুকুর আলী (৪২), ইয়াসিন ইসলাম (২২), লিয়াকত আলী খান (৫০) এবং খলিল মোল্লা (৪৫)। 

অভিযানে নৌ-পুলিশ, থানা-পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।