২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় টিসিবি পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

“প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 05:53 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

বাড়িতে রাখা টিসিবির পণ্যসহ নেত্রকোণায় ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

জব্দ পন্যের মধ্যে রয়েছে-১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাইকুরা ইউনিয়নের বাল্লা গ্রামের বাড়ি থেকে টিসিবির এসব পণ্য জব্দসহ তাকে আটক করা হয় বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।

আটক আবুল হাসেম ভূইয়া ওই ইউনিয়ন বিএনপির সভাপতি।

ওসি বলেন, “কার্ডের মাধ্যমে দরিদ্রদের কাছে ন্যায্য মূল্যে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। কিন্তু প্রভাব খাটিয়ে এসব পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপি নেতা আবুল হাসেম ভূইয়া। গোপন সংবাদে অভিযান চালায় সেনা সদস্য ও পুলিশের যৌথবাহিনী।

“এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে মজুদ করে রাখা টিসিবির চাল, মসুর ডাল ও সয়াবিন তেল পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়।”

এ ঘটনায় হাসেম ভূইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মিজানুর রহমান।