শেরপুরের অবৈধ ৪ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা
এসময় অবৈধ ইটভাটাগুলোতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ইটভাটা থেকে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভাটাগুলির কার্যক্রম।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।
আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ, প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে জিহান জিগজ্যাগ অটো ব্রিকস-৫, একই ইউনিয়নের কান্দিপাড়া-মির্জাপুর এলাকার মেসার্স মুন ব্রিকস, নওহাটা এলাকার মেসার্স এ এইচ ব্রিকস নওহাটা তাতালপুর মেসার্স আর ইউ বি ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এসময় অবৈধ ইটভাটাগুলোতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা এবং ইটভাটা গুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে সেনাবাহিনীর সদস্য, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহায়তা করেন।
হেদায়েতুল ইসলাম আরও বলেন, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
