খাগড়াছড়িতে অটোরিকশা উল্টে নারী নিহত
ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান, বলছে প্রত্যক্ষদর্শীরা।
খাগড়াছড়ির দীঘিনালায় অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে উপজেলার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয় জানান।
নিহত রঞ্জন ত্রিপুরা (৪৫) দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের রামরতন কার্বারীপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলতলী এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা বাবুছড়া যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী রঞ্জন ত্রিপুরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
অপরদিকে গাড়ির চালক মো. আক্তার হোসেন (৪৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলন পুর এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
খবর পেয়ে বাবুছড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে দীঘিনালা থানার ওসি জাকারিয় জানান।
