Published : 09 Apr 2026, 05:19 PM
নীলফামারীতে শিশুদের জন্য সাংবাদিকতা বিষয়ক দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য-‘শিশুর চোখে শিশুর গল্প’।
বৃহস্পতিবার সকালে শহরের নটখানা এলাকার ‘ডেনিস বাংলাদেশ লেপ্রসি মিশন’ মিলনায়তনে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মূলত শিশুদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন নীলফামারী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকারী ফিচার সম্পাদক হাসান বিপুল। তিনি শিশুদের সংবাদ লেখার প্রাথমিক কৌশল, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, ছবি ও ভিডিও ব্যবহার এবং সাংবাদিক নৈতিকতার বিভিন্ন দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ বলেন, “দেশ ও সমাজের উন্নয়নে সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যাবশ্যক। শিশুদের সৃজনশীলতা ও পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত প্রখর। তারা সমাজকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারে; যা একজন দক্ষ সাংবাদিকের জন্য গুরুত্বপূর্ণ।
“বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিশুদের সঠিকভাবে তথ্য যাচাই, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনার কৌশল শেখানো জরুরি। ভুল তথ্য ও গুজব বর্তমান সময়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাই শিশুদের ছোটবেলা থেকেই সত্য যাচাই, তথ্য বিশ্লেষণ এবং দায়িত্বশীলভাবে সংবাদ উপস্থাপনার শিক্ষা নেওয়া প্রয়োজন। এতে তারা ভবিষ্যতে গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে সক্ষম হবে।”
তিনি বলেন “এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিশুদের সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানটি আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে।
“শিশুকে নিয়ে সাংবাদিকতার এই প্রশিক্ষণ অভিজ্ঞতা আমাকে অভিভূত করেছে। এজন্য আমি বিডিনিউজ, হ্যালো ও ইউনিসেফকে ধন্যবাদ জানাই।”
শিশু সাংবাদিকতার ক্ষেত্রে সবার আগে পড়ালেখাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জ্যোতি বিকাশ। পাশাপাশি সমাজে সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরার পরামর্শ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি ও হ্যালো বিডি নিউজ নীলফামারী জেলার কোর্ডিনেটর ইনজামাম-উল-হক নির্ণয় সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি ভূবন রায় নিখিল, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী।
এসময় প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল সিয়াম বক্তব্যে বলেন, “আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম প্রশিক্ষণ ছাড়াই। ধাপে ধাপে আমাদের শিখতে হয়েছে। এখন যে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এটি এলাকার ও দেশের জন্য হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর একটি মাইকফলক স্থাপন করেছে।”
প্রেসক্লাবের সহ-সভাপতি ভূবন রায় নিখিল বলেন, “এই কর্মশালা তোমাদের সম্ভাবনার পথ খুলে দিবে বলে আমার বিশ্বাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করবে। ভবিষ্যতে আমাদের দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করবে।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন তার বক্তব্যে বলেন, শিশু সাংবাদিকতা ভবিষ্যৎ গণমাধ্যমের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিশুদের চিন্তাভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা সমাজের অনেক অদেখা দিক তুলে ধরতে পারে।
প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী তার বক্তব্য অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশ্যে বলেন, “আমাদের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে তার কবিতায় বলেছেন ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল। মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল।”
“বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন এমন কথা যেন আজ আমাদের সামনে বসে আছে-সুন্দর মেধাবি এক চক্র। যে চক্র নতুন প্রজন্মের আগামী দিনের নক্ষত্র হয়ে জ্বলে উঠবে।”
নীলফামারী জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২০ জন শিশু শিক্ষার্থী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছে। শিশুরা বলছে, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সাংবাদিকতা সম্পর্কে নতুন ধারণা পেতে এবং আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হবে।