২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “অমৃত চন্দ্র বিশ্বাস এ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।”

জমির বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে ‘বনবিভাগের জমি’ নিয়ে বিরোধের জেরে এক কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘বনবিভাগের জমি’ নিয়ে বিরোধের জেরে এক কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।  

মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসূতা (দক্ষিণ পাড়া) গ্রামের শেখ বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কর।

আহত কৃষক তাঁতীসূতা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে হযরত আলীকে (৬৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সুদেব চক্রবর্তী জানান। 

অপরদিকে প্রতিপক্ষের আহতরা হলেন- একই গ্রামের মৃত রাম দুলাল বিশ্বাসের ছেলে পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস (৫২), তার বড় ভাই অমূল্য চন্দ্র বিশ্বাস (৬২) এবং তার কিশোরী মেয়ে (১৭)। 

তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কনস্টেবল অমৃত চন্দ্র বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর থানায় কর্মরত।

হযরত আলীর ভাতিজা শাকিল আহমেদ সবুজ বলেন, দীর্ঘদিন যাবত বনবিভাগের জমি তার চাচা ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। ওই জমি নিয়ে বনবিভাগের সঙ্গে তাদের মামলা রয়েছে। প্রতিপক্ষ অমূল্যরা ওই জমি তাদের বলে দাবি করে আসছে। 

“সকালে অমূল্য এবং তার ভাই পুলিশ কনস্টেবল অমৃত সেই জমিতে চাষ করতে যায়। এসময় চাচা তাদেরকে জমি চাষ করতে বাধা দেন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে অমৃত হাতে থাকা দা দিয়ে চাচার বাম হাতের কব্জিতে কোপ দেন। সেটি বিচ্ছিন্ন করে ফেলেন।”

অমূল্যর বড় ভাই প্রফুল্ল চন্দ্র বিশ্বাস বলেন, “আমার ছোট ভাই অমূল্য জমিতে চাষ করতে যায়। এসময় হযরত আলী ও তার স্বজনেরা আমার ভাইকে মারধর করে। তার চিৎকার শুনে ছোট ভাই পুলিশ কনস্টেবল অমৃত ও ভাতিজি ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে হযরত আলী তাদেরকে এলোপাতাড়ি মারধর করে মাথা ফাটিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “আমার ভাইদের ফাঁসানোর জন্য হযরত আলীর লোকজন তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে আমাদের বিরুদ্ধে বলছে।”

বনবিভাগের শ্রীপুর সদর বিট কর্মকর্তা আলাল উদ্দীন বলেন, “তাঁতিসূতার ওই জায়গা বনবিভাগের। অনেক আগে থেকেই ওই জমি নিয়ে আদালতে মামলা চলতেছে। বনবিভাগ গত বছর কিছু আকাশি চারা রোপণ করেছে। চলতি বছরেও চারা রোপণ করব। এটা বনবিভাগের জায়গা, এ জায়গা নিয়ে মারামারির কিছু নেই।”

টাঙ্গাইলের নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “অমৃত চন্দ্র বিশ্বাস এ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি আজ সকালে ডাক নিয়ে রেঞ্জ অফিসে গিয়েছেন। কিন্তু তিনি বাড়িতে গিয়েছেন কিনা আমার জানা নেই।”

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কর বলেন, “খবর পেয়ে আমি ও সার্কেল এএসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো পক্ষই এ বিষয়ে অভিযোগ দেয়নি।”