২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই: আমীর খসরু

বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই: আমীর খসরু
লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 11:12 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

স্থানীয় সরকারের নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।” 

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরনে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, “১৬ বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি, কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার এবং যতদিন সম্ভব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া। যতদিন সম্ভব অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।” 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।