টাকা ধার নিয়ে পাওনাদারের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, বাদীর কারাদণ্ড
বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বরিশালের একটি আদালত।
বরিশালে টাকা ধার নিয়ে পাওনাদারের বিরুদ্ধে মামলা করায় এক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী বাদীর অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।
দণ্ড পাওয়া জালাল কোরাইশী বরিশাল নগরের রিফিউজি কলোনি রোডের বাসিন্দা রহম আলী কোরাইশীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বলেন, জালাল মিথ্যা অভিযোগে নগরীর দক্ষিণ আলেকান্দা কাজী পাড়া এলাকার বাসিন্দা মনিরুজ্জামানের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
পরে কোতোয়ালি মডেল থানার এসআই মো. আব্দুল্লাহ আল জোবায় তদন্ত করে অভিযোগটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করেন বলে জানান তিনি।
তিনি বলেন, প্রতিবেদন পরিপ্রেক্ষিতে আদালত বাদীকে হাজির হয়ে মিথ্যা ও বিদ্বেষমূলক মামলা করায় তার বিরুদ্ধে কেন শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে নোটিস দেয়। কিন্তু বাদী আদালতে হাজির হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে জবাবও দেননি।
সোমবার আদালত বাদীকে এক হাজার টাকা জরিমানা করেন; যা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানান রাজিব মজুমদার।
