১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আখাউড়ার কল্লা শহীদ মাজারে মানুষের ঢল, দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

আখাউড়ার খড়মপুরে সপ্তাহব্যাপি এ ওরস ঘিরে নানা আয়োজন করা হয়েছে। চলবে রোববার পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 11:32 AM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কল্লা শহীদ মাজারে ওরসের আখেরি মোনাজাতে মানুষের ঢল দেখা গেছে। এ সময় পৃথক দুটি দুর্ঘটনায় এক নারী নিহত ও আট জন আহত হয়েছেন। 

উপজেলার খড়মপুরে এ ওরসের আখেরি মোনাজাত শুক্রবার রাত ১২টা ১ মিনিটে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য কাজী শরীফ খাদেম। 

তিনি বলেন, ”শাহপীর কল্লা শহীদ নামে পরিচিত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজারের সপ্তাহব্যাপি ওরস চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ওরস ঘিরে নানা আয়োজন করা হয়েছে। তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এর মধ্যে আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ওরস উপলক্ষে মাজার এলাকায় মেলাও বসেছে বলে জানান তিনি। 

কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, “আনুষ্ঠানিকভাবে ওরস শুরু হয় সোমবার। তবে আরো আগে থেকেই নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ভক্তরা আসতে শুরু করে। ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠে ওরস প্রাঙ্গন।”

এদিকে শুক্রবার আখেরি মোনাজাতের আগে মাজার এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে বলে জানান আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম। 

রাত সাড়ে ৮টার দিকে মাজারের মসজিদের ভেতরে বিদ্যুতের শর্টসার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কাঁচ ভেঙে অন্তত ৮ জন আহত হয়েছেন। 

মাজারে থাকা অস্থায়ী মেডিকেল টিম আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রাত ৯টার দিকে তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন, কসবার কালিয়ারা গ্রামের হিরণ মিয়া (৫০), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তাতাইল চর এলাকার মো. ফরিদ গাজী (৫৫), ভৈরবের চন্ডিবের এলাকার নুরুল ইসলাম (৬২), বাজিতপুরের কৈলাক এলাকার মো. মঈন উদ্দিন (৬৫), কসবার ডাবুইরঘর এলাকার মো. তারু মিয়া (৪৮) ও একই এলাকার মো. ইজু মিয়া (৪৫), নবীনগরের জসিম মিয়া (৬৫) ও মিন্টু মিয়া (৬০)। 

এর আগে বিকাল ৫টার দিকে মাজার জিয়ারত করতে এসে নৌকা থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

নিহত তাজেল বিবি (৭৫) হবিগঞ্জের বাহুবল উপজেলার চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী। 

স্থানীয়দের বরাতে ওসি জাবেদ উল ইসলাম বলেন, শুক্রবার প্রায় ৭০-৮০ জন ভক্ত একটি নৌকায় করে বাহুবল থেকে খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজারে আসেন। নৌকাটি মাজারসংলগ্ন রেলসেতুর পাকা ঘাটে ভেড়ানোর সময় তাজেল বিবি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন।

“এ সময় পাশ থেকে আসা আরেকটি নৌকা ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা ঘাটে পড়ে যান। এতে তিনি মাথা ও মুখে আঘাত পান।”

পরে আশপাশের লোকজনের সহায়তায় স্বজনেরা আহত তাজেল বিবিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।