২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে গুলি: সিলেট পুলিশ কমিশনার, সাবেক এমপিসহ আসামি ৫৯

৪ অগাস্ট সিলেটে বিএনপির মিছিলে গুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলাটি করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 07:21 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেট নগরীতে বিএনপির মিছিলে হামলা ও গুলির ঘটনায় মহানগর পুলিশ কমিশনার, সাবেক তিন সংসদ সদস্য ও মেয়রের নামে মামলা হয়েছে।

এ ছাড়া মামলায় সাবেক মেয়র ও সংসদ সদস্য ছাড়াও ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী সাজন আহমদ সাজু (২৫) সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন বলে বাদী পক্ষের আইনজীবী মিজানুর রহমান চৌধুরী জানান।

পরে আদালতের বিচারক আব্দুল মোমেন আবেদনটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন বলে জানান তিনি। 

বাদী সাজন আহমদ ঘটনার দিন হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি নগরীর মিতালি আবাসিক এলাকার বাসিন্দা জমির আহমদের ছেলে।

মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট দুপুরে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় বিএনপি-যুবদল-ছাত্রদল মিছিল বের করলে পুলিশ কমিশনারের নির্দেশে অন্যরা গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপ করেন। এতে ছাত্র-জনতা ও পথচারী আহত হয়। 

হামলায় বাদীর মুখ ও চোখে গুলি এবং শরীরে স্প্লিন্টারের আঘাত লাগে; এ ছাড়া ওই দিনের ঘটনায় আহত হয়ে অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী, সিআরটি বিভাগের প্রধান শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এসআই পলাশ চন্দ্র দাস, উপ-কমিশনার আজবাহার আলী শেখ, এসআই সাইদুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংসদ সদস্য রনজিত সরকার, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, বদরুল ইসলাম, কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে আসামি করা হয়েছে।

এ ছাড়া সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ শোভন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, এসআই শামীম, এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক ফরহাদ, শুভ, যুবলীগ নেতা জিহাদ, এইচ আর সুমন, জাকিরুল আলম জাকির, শামিম ইকবাল, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন (গোয়াইনঘাট), কাজী জুবায়ের, যুবলীগ নেতা হিরক রঞ্জন দে পাপলু, লিলন আহমদ, শাবিপ্রবির কলেজ ইন্সপেক্টর তাজিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, মো. ইয়াহইয়া, আলী আশরাফ খান মাসুম, মনজুর, চঞ্চল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবির, সদস্য তামীম আহমদ, মস্তাক আহমদ পলাশ, তমিজ উদ্দিন, বাদল, আমির হোসেন, সৈয়দ এনায়েতুল বারী মোর্শেদ, হোসেন উল্লা নাদিম, সাব্বির, আফজাল, জাকারিয়া মাহমুদ, সনি, শেখ শাকিল, ইসমাইল মাহমুদ সুজনি এবং মইনুল ইসলাম মইনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার একই আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এ ছাড়া আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এ টি এম তুরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।