টাঙ্গাইলে মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের বাধা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ‘হত্যার’ বিচার দাবিতে টাঙ্গাইল শহরে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় শহরের রেজিস্ট্রিপাড়া শাহীন স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
পরে মিছিলটি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়লে বিক্ষোভকারীরা সেখানেই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।
এদিকে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
অপরদিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা ঢাকার নেতাদের সঙ্গে ‘জুম মিটিং’ করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, দেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন।
“দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীরা টানা কয়েকটি দিন শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। ১৭ জুলাই আবাসিক হল বন্ধ করে দেওয়া হলে সব শিক্ষার্থী বাসায় চলে যান এবং কোনো প্রকার আন্দোলন কিংবার সরকারি স্থাপনায় হামলা বা কোনো প্রকার সহিংসতার সঙ্গে তারা কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না।”
সংগঠিত সহিংসতার সঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোটা সংস্কারে আদালতের রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
তবে আন্দোলনে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন, দাবি আদায়ের জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহায়তা এবং সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া কোনো শিক্ষার্থীকে যাতে কেউ অযথা হয়রানি বা মিথ্যা মামলায় জড়িত না করে সেজন্য প্রশাসনের সহায়তা চেয়ে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
