২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিশু ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে, সড়ক অবরোধ

ইদ্রিস আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 08:40 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার বিচার দাবিতে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।   

মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, সোমবার রাতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর বাবা ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতেই ইদ্রিস আলী (৮) নামে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়।  

ইদ্রিস নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে এবং ব্র্যাক দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা। 

তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ি মহল্লায় ভাড়া বাসায় বসবাস করেন। 

মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটি প্রাইভেট পড়তে যায়। তখন ওই শিক্ষক বাসায় ছিলেন না। তখন ইদ্রিস শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। পরে গভীর রাতে শিশুটির বাবা মামলা করেন। 

এদিকে সকালে বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসির সঙ্গে সাক্ষাত করে ঘটনার বিচার দাবি করেন। 

পরে দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এ সময় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, শিশুটির স্কুলের প্রধান শিক্ষক সেখানে গিয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা এ ব্যাপারে সুষ্ঠু বিচার ও শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তখন জনতা সড়ক ছেড়ে দেয়। তারপর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।   

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, ইদ্রিস আলীকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।