১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বারবার বল আসায় ক্রিকেট খেলায় নিষেধ, দোকানিকে পিটিয়ে হত্যা

মারামারির সঙ্গে জড়িত সবাই পালিয়ে গেছেন, বলছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 01:38 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন (৫৫) ওই এলাকার প্রয়াত আমছর আলীর ছেলে।

তারাকান্দা থানার এসআই লিটন চন্দ্র বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসেছেন। মারামারির সঙ্গে জড়িত সবাই পালিয়ে গেছেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বগিরপাড়া এলাকায় বাড়ির পাশে ফখর উদ্দিনের মুদির দোকান আছে। দোকানের পাশে মাঠের মত খালি জায়গায় এলাকার ছেলেরা ক্রিকেট খেলে। এদিন সন্ধ্যায় ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেছিলেন ফখর উদ্দিন। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি লাগে। এসময় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় উদ্ধার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই লিটন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।