রংপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
নিহতরা একই পরিবারের সদস্য। এসএসসি পরিক্ষার্থীকে নিয়ে যাচ্ছিল কেন্দ্রে।
রংপুরের কাউনিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় কাউনিয়ার বেইলি ব্রিজ এলাকায় কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল লতিফ।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন, উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তার ছেলে রহমত আলী ও ভাতিজি আফসানা বেগম স্নেহা (১৬) ।
ওসি লতিফ বলেন, স্নেহা এবার এসএসসি পরিক্ষার্থী। কাউনিয়া মোফাজ্জেল সরকারি উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষাকেন্দ্র ছিল। মোটরসাইকেলে তারা পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল।
পথে সড়কের উল্টোদিক থেকে আসা বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে তিনজন নিহত হন বলে জানান ওসি।
