টিন দিয়ে ঢেকে বালু পাচার, শেরপুরে যুবকের কারাদণ্ড
তাকে শেরপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালু পাচারের অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের ভ্রাম্যমাণ আদালত সালমান নামের এক যুবককে রোববার দুপুরে এ দণ্ড দেয়।
দণ্ডিত ২৪ বছর বয়সী সালমান শ্রীবরদী উপজেলার খামারিয়া পাড়া এলাকার চান্দু বাদশার ছেলে।
অনিন্দিতা রানী বলেন, “নকশী এলাকা থেকে পুরাতন টিন দিয়ে বালু ঢেকে কৌশলে পাচারের সময় বনকর্মীরা সালমানকে একটি ট্রলিসহ আটক করেন।
“পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ (১) ধারা অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর সালমানকে শেরপুর কারাগারে পাঠানো হয় বলে ঝিনাইগাতি থানার ওসি মো. আমিরুল ইসলাম জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন ও গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খানসহ বন বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
