জমির বিরোধ: মুন্সীগঞ্জে মাছ চাষিকে গুলি করে হত্যা
“হাসপাতলে আনার পর নাসির শেখ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার গলায় গুলির চিহ্ন রয়েছে।”
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল জানান।
নিহত ৪৮ বছর বয়সী নাসির শেখ ওই গ্রামের সামাদ শেখের ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে নাসিরকে গুলি করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘেষণা করেন।
ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব বলেন, “হাসপাতলে আনার পর নাসির শেখ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার গলায় গুলির চিহ্ন রয়েছে।”
নিহতের ভাই সেলিম শেখ বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।”
জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটছে বলে প্রাথমিক ধারণা ওসি মুজাহিদুলের।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
