২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার তাফসির হাসান বোচাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শনিবার মধ্যরাতে এনসিপি বোচাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাফসির হাসান এবং তার সহযোগী মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাতে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, শনিবার রাতে উপজেলার ঈশানিয়া ইউনিয়নের বারেয়া গ্রামের সন্তোষ কুমারের বাড়িতে কয়েকজন ব্যক্তি নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা সন্তোষকে মারধর করেন।  

সন্তোষের চিৎকার-চেচাঁমেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসে। তখন তারা মনজুরুল ইসলামকে (৩৬) আটক করে। বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মনজুরুল ইসলামকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে মনজুরুল জানান, পলাতকদের মধ্যে এনসিপির উপজেলা আহ্বায়ক তাফসির হাসানও ছিলেন।  

ওসি বলেন, রাতেই পুলিশ কৌশলে তাফসিরকে থানায় ডেকে নিয়ে আসে। তখন তাফসিরকে মনজুরুলের মুখোমুখি করলে তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় সন্তোষ কুমার মামলা করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ চন্দ্র রায় বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।