২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

আটকদের বিষয়ে আরও যাচাইবাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে, বলছে বিজিবি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 12:26 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জন রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকার ১১১৬ মেইন পিলার দিয়ে তাদের পুশইন করা হয় বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান।

বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে ৫ জন বয়স্ক পুরুষ ও ৫ জন নারী এবং ১১ জন শিশু।

বিজিবি বলছে, আটকরা ছয়টি পরিবারের সদস্য। তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে। একমাস আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে দেশটির পুলিশ।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, আটকদের বিষয়ে আরও যাচাইবাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।