নাটোরে গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি
মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়
নাটোরের বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার জয়ন্তপুর এলাকায় সোমবার গভীর রাতে রশিদ চৌধুরী নামে ওই বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বলে বাগাতিপাড়া থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান।
রশিদ চৌধুরী জয়ন্তপুর এলাকার বদিউর রহমানের ছেলে এবং দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
রশিদ চৌধুরী বলেন, “মাঝরাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকে আমরা চিনতে পারিনি।”
পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, “রশীদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের বের করতে তদন্ত চলছে।”
এ ঘটনায় এখনও কেনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান বলে ওই পুলিশ কর্মকর্তা।
