২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গাঁজা নিয়ে কারাগারে ঢোকার সময় কর্মচারী গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুস শুকুর যশোর কেন্দ্রীয় কারাগারে কামার হিসেবে কর্মরত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 08:43 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

গাঁজা শরীরে লুকিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার সকালে আটকের পর মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান।   

গ্রেপ্তার আব্দুস শুকুর যশোর কেন্দ্রীয় কারাগারে কামার হিসেবে কর্মরত। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খুনির টেক এলাকার বাসিন্দা। 

কারা কর্তৃপক্ষ জানায়, আব্দুস শুকুর সকালে দায়িত্ব পালনের জন্য কারাগারে প্রবেশ করছিলেন। এ সময় ফটকের নিরাপত্তা কর্মী তার শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং তাকে পুলিশে হস্তান্তর করেন। 

যশোর কোতোয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।