২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে শূকরের আক্রমণে জেলে আহত

শিকার শেষে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় একটি বন্য শূকর আক্রমণ করে।

সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে শূকরের আক্রমণে জেলে আহত
ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে বন্য শূকরের আক্রমণে এক জেলে আহত হয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার সকালে খুলনা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের কাকা দোবেকী এলাকা এ ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক।

আহত জেলের নাম আব্দুর রহিম (২৮)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বনজীবী আসাদ আলীর ছেলে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, সকালে আব্দুর রহিমসহ আরও চার জেলে সুন্দরবনের গভীরে কাঁকড়া শিকারে যান। শিকার শেষে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ একটি বন্য শূকর তাদের ওপর আক্রমণ করে। 

আকস্মিক আক্রমণে আব্দুর রহিম গুরুতর আহত হন। তার যৌনাঙ্গ মারাত্মক জখম হয়েছে। সঙ্গীরা তাকে উদ্ধার করে নৌকায় নিয়ে বন থেকে দ্রুত বেরিয়ে আসেন। এ ঘটনার খবর এলাকায় ছড়ালে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়ায়।

আহত আব্দুর রহিমের জরুরি চিকিৎসার প্রয়োজন বলে জানান ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম। 

রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, অনুমোদন ছাড়া বনে প্রবেশ ও শিকার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বন্যপ্রাণীর আক্রমণে যেকোনো মুহূর্তে প্রাণঘাতী হতে পারে।

আহত জেলে খুলনা রেঞ্জের আওতাধীন কাকা দোবেকী এলাকা থেকে আক্রমণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ওই জেলেকে ফেরত পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে। 

গাবুরা ইউনিয়ন পরিষদ সদস্য মঞ্জুর রহমান বলেন, আহত জেলেকে সন্ধ্যায় গাবুরা ঘাটে নেওয়া হয়। চিকিৎসার জন্য স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন।