Published : 03 Jul 2026, 11:18 PM
কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শুক্রবার বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।”
তিনি বলেন, “কিডনি রোগীদের চিকিৎসার জন্য যেন আর ঢাকায় যেতে না হয়, সেজন্য সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সব মন্ত্রণালয় জনকল্যাণে কাজ করছে। সেলাই মেশিন, হুইলচেয়ারসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে জনগণের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মিলনায়তনে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক প্রণোদনা, ঢেউ টিন ও শুকনা খাবার বিতরণ করেন মন্ত্রী।