২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রদলের দুপক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বুধবার সন্ধ্যায় সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।

হামলায় আহত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্যসচিব শাহীন, কলেজ ছাত্রদলের সদস্যসচিব জিহাদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদল নেতা দাউদুল ইসলাম, এনায়েত উল্যাহ, আজিজুল হক, কামরুল ইসলাম, আবু ইউছুফ, রাইসুল ইসলামসহ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। 

পুলিশ ও ছাত্রদল জানায়, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতা মিরাজ ও রায়হানকে মারধরের ঘটনায় বুধবার তাদের পরিবার থানায় মামলা করে। ওই মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াস ও তার কয়েকজন অনুসারীকে আসামি করা হয়। 

মামলার প্রতিবাদে বিকালে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহাগ নুরের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের একাংশ। মিছিলটি বাজারের পশ্চিমে পৌঁছলে প্রতিপক্ষের লোকেরা তাতে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। 

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, “সরকারি কলেজ ছাত্রদল নেতা মিরাজ ও রায়হানের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হওয়ায় ওরা ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতাদের উপর হামলা করেছে। এতে ছাত্রদলের অন্তত ৩০ জন আহত হয়েছেন।”

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহাগ নুর বলেন, “দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়ায় প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। শান্তিপূর্ণ মিছিলটি বাজারের পশ্চিম অংশে পৌঁছলে ছাত্রদল-যুবদলে অনুপ্রবেশকারীরা সশস্ত্র হামলা করেছে। এতে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।”

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।