যমুনায় নৌকাডুবি: বগুড়ায় নিখোঁজের দুদিন পর নারীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জ শহরের পাশে নদীতে ভাসমান অবস্থা ওই নারীর লাশ পাওয়া যায় বলে জানান স্বজনরা।
বগুড়ায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক নারী লাশ উদ্ধারের কথা জানিয়েছেন স্বজনরা।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পাশে নদীতে ভাসমান অবস্থা ওই নারীর লাশ পাওয়া যায় বলে জানান ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।
নিহত আঙ্গুরী বেগম (৪০) ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
স্বজনরা জানান, ঘটনার দিন সকালে ১০ জন নারী শ্রমিক ভুট্টা ক্ষেতে কাজ করার জন্য নৌকায় করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শানবান্ধা চরে যান। বেলা ১১টার দিকে বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
পরে তারা নৌকায় করে রওনা দেন। পথে বানিয়াজান স্পারের কাছাকাছি হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নয় নারীকে উদ্ধার করা গেলেও আঙ্গুরী বেগম নিখোঁজ ছিলেন।
উদ্ধার করা বড়ইতলী এলাকার বাসিন্দা নৌকা চালক জুয়েল বাবু বলেন, “ঘাস কেটে নৌকা নিয়ে ফিরছিলাম। দেখি নয়জন নারী সাঁতার কেটে ভেসে আছেন। পরে তাদের উদ্ধার করে আমার নৌকায় তুলি।”
আঙ্গুরীর মেয়ে সাথী বলেন, “প্রথম দিন ফায়ার সার্ভিসের লোক এসেছিল। তবে বগুড়ায় ডুবুরি না থাকায় তারা রাজশাহীকে জানান। কিন্তু পরে আর কেউ না আসায় নিজেরাই খুঁজতে থাকি। দুই দিন পর দুপুরে সিরাজগঞ্জ শহরের পাশ থেকে মায়ের লাশ উদ্ধার করি।”
