২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

নিহত মাহদী হাসান মুরাদ রাবির ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে নাটোরের আব্দুলপুর জংশনে এ দুর্ঘটনা ঘটে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক শেরেজ্জামান জানিয়েছেন।

নিহত শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ রাবির ইতিহাস বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছেন, ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে সাময়িকভাবে থামানো হয়েছিল। এ সময় মাহদী প্ল্যাটফর্মে না গিয়ে বিপরীত পাশে যাওয়ার জন্য রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন।

এ সময় ট্রেন তার এক পায়ের উপর দিয়ে উঠে এবং শরীরের গুরুতর আঘাত পান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে।”

মাহদীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে অধ্যাপক শেরেজ্জামান জানিয়েছেন।