২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১

জব্দ করা পণ্যের মধ্যে ইয়াবা, মদ, গাঁজা, ভারতীয় গবাদিপশু ও চোরাচালান পণ্য রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 04:53 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে চালিয়ে ভারতীয় প্রায় ৩৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে; যার মধ্যে মাদকও রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি।

বিজিবি জানায়, গত ৭২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। অভিযানে একজন চোরাকারবারিকে আটক করা হয়। 

বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জাল টাকা ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। 

সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।