৩ দফা দাবিতে কুড়িগ্রামে আলুচাষিদের মানববন্ধন
“সরকার কৃষকদের কৃষিঋণ মওকুফ করছে, আর হিমাগার মালিকরা আমাদের গলাটিপে ধরার অপচেষ্টা করছে।”
আলু চাষে লোকসানের ধাক্কা, হিমাগার মালিকদের বছর বছর ভাড়া বৃদ্ধি, কমিশন বন্ধের প্রতিবাদে কুড়িগ্রামে আলুচাষি ও ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে কুড়িগ্রাম-রংপুর সড়কে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এবং পরে একই এলাকার বাবর কোল্ড স্টোরেজ ও সেকেন্দার হিমাগারের সামনে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় জেলা স্বনির্ভর আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী, সাধারণ সম্পাদক সোলেমান আলী, পরিচালক শাহ আলম মোস্তফা বক্তব্য দেন।
তারা বলেন, ২০২৫ সালে আলুর সর্বনিম্ন দরপতন হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসানে আছেন। এতে কৃষকরা ব্যাপকহারে ঋণগ্রস্ত হলেও হিমাগার মালিকদের কোনো ক্ষতি হয়নি। তারপরও তারা ২০২৫ সালের হিমাগারে সংরক্ষিত আলুর বস্তাপ্রতি কমিশন দিচ্ছেন না।
জেলায় ছয়টি হিমাগারের মধ্যে একটি হিমাগার কিছু কমিশন দিলেও বাকি হিমাগারের মালিকরা কমিশন দিতে গড়িমসি করছে। এ ছাড়া ২০২৬ সালে নতুন করে হিমাগার মালিকরা ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন তারা।
আলু ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোলেমান আলী বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব। ক্ষমতায় আসার পর পর সরকার কৃষকদের কৃষিঋণ মওকুফ করছে, আর হিমাগার মালিকরা আমাদের গলাটিপে ধরার অপচেষ্টা করছে। আমরা এমনিতে পথে বসেছি, আরো পথে বসার ব্যবস্থা করছেন তারা।”
আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দুলাল ব্যাপারী বলেন, “আমরা আমাদের ন্যায্য কমিশন দাবি করার পাশাপাশি হিমাগারের আলুর বস্তার প্রতি ভাড়া আগের মত সাড়ে ৩০০ টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে হিমাগার মালিক সমিতির সভাপতি মোস্তফা বলেন, “প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আমরা কমিশন দিতে পারব না। দ্বিতীয়ত পার্শ্ববর্তী জেলা ভাড়া বৃদ্ধি করলে আমরাও ভাড়া বৃদ্ধি করব।”
