Published : 28 Jun 2026, 11:14 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাইভেট কারে করে বাছুর চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার এসআই মাহফুজুর রহমান জানান।
আটকরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার বেলাল ও বিল্লাল।
পুলিশ জানায়, আওলাদ ঢালীর একটি গরু ও বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় সাদা রঙের প্রাইভেট কারে এসে দুই যুবক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।
ঘটনাটি দেখে ফেলেন অটোরিকশার চালক হাবিবুল্লাহ। তিনি বাধা দিলে দুই যুবক তার ওপর হামলা চালায়। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে প্রাইভেট কার থেকে বাছুরটিকে উদ্ধার করে পুলিশের খবর দেয়।
এসআই মাহফুজুর রহমান বলেন, দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।