২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ছুরিকাঘাতে ভাই খুন

সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে বড় ভাইকে খুন করার বিষয়টি জানান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 12:29 PM

নোয়াখালীর হাতিয়ায় কথা কাটাকাটির মধ্যে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন হাতিয়া থানার ওসি এ. কে. এম আজমল হুদা।

নিহত রাকিব উদ্দিন (৩০) সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।

ওসি বলেন, শনিবার দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে এ ঘটনায় হত্যা মামলা করেন। 

অভিযোগের বরাতে পুলিশ বলছে, ছোট ভাই সাকিব কয়েক দিন আগে চতুর্থ বিয়ে করেন।  এ নিয়ে শুক্রবার মধ্যরাতে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে রাকিবকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। 

পুলিশ বলছে, পরিবারের লোকজন উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। পরে ছোট ভাই সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে বড় ভাইকে খুন করার বিষয়টি জানান।  

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেওয়া হয়েছে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে। হত্যায় ব্যবহৃত ছুরিও পাওয়া  গেছে।