২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে হত্যা

ওসি আল মামুন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাহাব্বুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

স্থানীয়দের বরাতে আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জিয়ারুল ইসলাম ও হুমায়ুন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। 

সম্প্রতি জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে জিয়ারুলের সমর্থক বাটুল বিশ্বাসের সঙ্গে হুমায়ুনের সমর্থক সিরাজ মোল্লার বিরোধ হয়। পরে শনিবার সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এরই মধ্যে জিয়ারুলের সমর্থক প্রবাসী মাহাব্বুল হোসেন মাঠ থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুনের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে। 

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

ওসি আল মামুন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাহাব্বুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।