দৌলতদিয়ায় বাস ডুবি: কুষ্টিয়ার চার গ্রামে শোক-মাতম
বুধবার বিকালে দৌলতদিয়া ফেরি ঘাটে বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত কুষ্টিয়ার চারজনের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের দাফন সম্পন্ন হয়েছে; একজনের শেষকৃত্য হয়েছে।
বুধবার বিকালে সৌহার্দ্য পরিবহনের যে বাসটি পদ্মা নদীতে তলিয়ে যায়, সেটি যাত্রা করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। দুপুর আড়াইটায় সেখান থেকে বাসটি ছয়জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
পরিবহনের খোকসা কাউন্টারে এসে বাসটিতে আরও আট যাত্রী ওঠেন। পরে সেটি রওনা দেয় রাজবাড়ীর উদ্দেশে।
কুষ্টিয়ার নিহতরা হলেন- কুষ্টিয়া পৌরসভার মজমপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩) এবং একই উপজেলার সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।
চারটি মরদেহ বুধবার রাতেই বাড়িতে আনা হয়। সেখানে তখন স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে শোকাবহ পরিবেশের তৈরি হয়। বৃহস্পতিবার সকাল থেকে স্বজন ও গ্রামবাসী তাদের জানাজার জন্য জড়ো হন।
এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জুগিয়া গ্রামে মর্জিনা খাতুনের জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।
এদিকে খোকসা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, উপজেলার নিহত দুজনের দাফন এবং একজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:
