অবৈধভাবে ভারত গমন: চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ফিরলেন ৩১ নারী-পুরুষ
পতাকা বৈঠকের পর তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।
বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে আটক ৩১ বাংলাদেশিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
পতাকা বৈঠকের পর শনিবার দুপুরে উপজেলার দর্শনা স্থলবন্দর (আইসিপি) দিয়ে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী তাদের হস্তান্তর করে বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান।
বিজিবি জানায়, অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় ওই ৩১ জনকে আটক করে দেশটির পুলিশ। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
বিজিবি অধিনায়ক নাজমুল হাসান বলেন, “ফেরত আসারা ভারতের বিভিন্ন জেলখানায় বন্দি ছিলেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ নারী ও তিনজন শিশু।”
সকালে ভারতের গেদে-৩২ বিএসএফ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি নাগরিকদের ফেরত দেয়। পতাকা বৈঠক শেষে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে ফেরত আসাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
