বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা
শিচারপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
বগুড়ার সোনাতলা উপজেলায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান।
নিহতরা হলেন- শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী কামরুল ইসলামের স্ত্রী চায়না বেগম (৩২) এবং তাদের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে খাদিজা বেগম। সে শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ঘটনার পর থেকে কামরুল ইসলাম পলাতক রয়েছেন। বাড়িতে তার অসুস্থ মা ছাড়া কেউ নেই।
পুলিশ জানায়, ১৬-১৭ বছর আগে উপজেলার দিগদাইড়ু ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ (বটতলা) এলাকার তারাজুল ইসলামের মেয়ে চায়নার সঙ্গে কামরুলের বিয়ে হয়।
তারাজুল ইসলাম বলেন, “বিয়ের পর থেকে কারণে-অকারণে কামরুল আমার মেয়েকে নির্যাতন করত। এক সময় তাদের বিচ্ছেদ ঘটলেও, পরে আবার তারা দাম্পত্যে ফেরে।”
এলাকাবাসী জানায়, তাদের সংসারে অভাব-অনটন ছিল। ধারদেনা করে তাদের চলতে হত।
সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, “কী কারণে এই ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা কঠিন। প্রকৃত তদন্ত শেষে এটা বলা যাবে।”
