২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামাবাড়ির রান্না ঘরে ঝুলছিল তরুণের হাত-পা বাঁধা লাশ

শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 10:22 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মামাবাড়ির রান্না ঘর থেকে হাত-পা বাঁধা তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের মোন্নাফের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী।

মৃত মনিরুল ইসলাম (২০) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছেলে। তিনি ছোটবেলা থেকেই উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।

মনিরুলের ছোট মামি শিল্পী খাতুন বলেন, “সকালে আমার বাসুর মোন্নাফের বাড়িতে গেলে রান্না ঘরের আঁড়ার সঙ্গে মনিরুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পরিদর্শক মনোজিৎ কুমার নন্দী বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার হাত-পা বাঁধা ছিল। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোনও পাওয়া গেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মামলা হয়েছে, বলেন পরিদর্শক।