২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘আওয়ামী লীগ নেতার নেতৃত্বে’ হামলা-ভাঙচুর, লুটের গরু জবাই করে ‘ভাগাভাগি’

“নুরুল দলবল নিয়ে আমার বাড়িতে হামলা-ভাঙচুর করে। পরে ৮০ হাজার টাকার গরু গোয়াল থেকে নিয়ে যায়।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 08:54 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে একটি বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

জমি সংক্রান্ত পূর্ব বিরোধে গত ১৪ অক্টোবর ফুলপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের দলিল লেখক আব্দুল খালেক ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার দুদিন পর গত বুধবার ১৮ জনের নাম উল্লেখ ভুক্তভোগী ব্যক্তি ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে ওই থানার ওসি আব্দুল হাদী জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল খালেকের ফকিরের বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাটে নেতৃত্ব দেন কোকাইল প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা ফুলপুরের বওলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আমিন মণ্ডল। ৩০-৪০ জনের হামলাকারী দলটি একটি আধা-পাকা ঘর ভাঙচুর করে।

তারা ৪০-৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নষ্ট করে এবং মালামাল লুটপাটসহ গরু ছিনতাই করে নিয়ে যায়। পরে গরুটি হামলাকারীরা জবাই করে মাংস ভাগ-ভাটোয়ারা করে নেয়।

ভুক্তভোগী আব্দুল খালেক ফকির বলেন, “১৯৯১ সালে নুরুল আমিন মণ্ডল ও তার বড় ভাই রুহুল আমিন মণ্ডলের কাছ থেকে ৩৪ শতাংশ জমি কিনি। পরে রুহুল জমি লিখে দিলেও নুরুল দেই-দিচ্ছি বলে সময় ক্ষেপন শুরু করেন। এ নিয়ে আদালতে একটি মামলা হলেও রায় আমার পক্ষে আসে।

“এর জেরে নুরুল দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে একটি ৮০ হাজার টাকার গরু গোয়াল থেকে নিয়ে যায়। গরুটি আমাদের পাশের পূর্বধলা উপজেলার হুগলা গ্রামে জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা হয়। এ ঘটনায় মামলা হলেও আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। আমি বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার চাই।”

এদিকে মামলার পর থেকে নুরুল আমিন পলাতক থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নুরুলের বড় ভাই রুহুল আমিন বলছিলেন, “৩৪ শতাংশ জমির মধ্যে আমি আব্দুল খালেককে ১৭ শতাংশ লিখে দিয়েছি। তবে বাকি ১৭ শতাংশ নিয়ে নুরুল আমিনের সঙ্গে কি হয়েছে, আমার জানা নেই। ওই ৩৪ শতাংশ ছাড়া আমাদের সেখানে আরও জমি রয়েছে, সেই জমির মধ্যে রোপন করা গাছ-গাছালি কাটা হয়েছে। তবে তাদের গরু জবাই করে মাংস বিতরণের বিষয়ে আমি অবগত নই।”

বওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম ডালিম বলেন, “যে জমি নিয়ে দ্বন্দ্ব সেটি ক্রয় সূত্রে আব্দুল খালেক ফকির মালিক সকলেই জানে। আগে মানুষ মৌখিক ভাবেই জমি কেনাবেচা করত। তবে আব্দুল খালেকের সঙ্গে এখন যা করা হচ্ছে তা সম্পন্ন ভাবেই বে-আইনী। আমরাও চাই বিষয়টির সুষ্ঠু সুরাহা হোক।”

ওসি আব্দুল হাদী বলেন, “মামলার এজাহারে ঘর-বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং গরু নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ সকল বিষয় মাথায় রেখে তদন্ত কাজ এগুনো হচ্ছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”