Published : 26 Aug 2026, 10:49 PM
গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার জসিম উদ্দিনের শহরের সরকারি বাসভবনের ব্যারাক থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলিশ সদস্য নায়েক হাবিবুর রহমান (৩৩) নীলফামারী সদর উপজেলার সরদার পাড়ার মন্টু মিয়ার ছেলে। তার একটি ছেলে সন্তান রয়েছে।
হাবিবুর ঢাকা থেকে চলতি বছরের ১২ অগাস্ট গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোতে গার্ড হিসাবে যোগদান করেন।
পুলিশ জানায়, বিকালে পুলিশ সুপারের বাংলোর ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পান কর্মরতরা। পরে সন্দেহ হলে ব্যারাকের গার্ড কমান্ডার সোহেল মিয়া হাবিবুরকে কয়েকবার ডাকেন। এতে সাড়া না মেলায় কয়েকজনকে সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে ওয়াশরুমের দরজা খোলেন।
তারা ভিতরে প্রবেশ করে হাবিবুরকে গলায় হামছা পেছানো অবস্থায় ওয়াশরুমের ছাদের রডের সঙ্গে ঝুলতে দেখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, “পারিবারিক কলহ থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”