সিলেটে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত
প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার দয়মীর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রশিদ সরকার জানান।
নিহতরা হলেন- প্রাইভেট কারটির চালক হারুন মিয়া (২৮) ও তার মেয়ে আনিছা বেগম (১০)। তারা ওসমানীনগরের খাদিমপুর গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
ওসি আব্দুর রশিদ বলেন, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি দয়ামীর এলাকায় এলে তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। অন্য আহতরা হাসপাতালে ভর্তি আছেন।
মরদেহ দুটি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাটির বিষয়ে আইনতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
