২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদ্রাসাছাত্রী অপহরণে শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 11:14 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

বরিশালের মুলাদীতে মাদ্রাসাছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন। 

দণ্ডিত মিজানুর রহমান (৪২) মুলাদী উপজেলার চরপদ্ম গ্রামের বাসিন্দা। 

তিনি উপজেলার উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। 

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, “ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রী পাস করে একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ছাত্রীটি ২০১৮ সালের ২৮ জানুয়ারি মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর দাদা বাদী হয়ে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানায় মামলা করেন।”

ওই থানার তৎকালিন এসআই মো. আলাউদ্দিন হাওলাদার একমাত্র আসামি হিসেবে মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।