২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১০ ঘন্টা পর ‘মুক্তিপণে’ ছাড়া পেলেন ‘অপহৃত’ চাকমা যুবক

নিজের অটোরিকশা চালিয়ে যাওয়ার পথে ওই যুবক অপহরণের শিকার হন বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান।

টেকনাফে ১০ ঘন্টা পর ‘মুক্তিপণে’ ছাড়া পেলেন ‘অপহৃত’ চাকমা যুবক
পাপেল চাকমা

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 10:49 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

কক্সবাজারের টেকনাফে অটোরিকশা চালক চাকমা যুবক ‘অপহৃত হওয়ার ১০ ঘণ্টা পর দেড় লাখ টাকা মুক্তিপণে’ ছাড়া পেয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কের সোনালী ব্যাংক ঢালা নামক এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান, বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

ছাড়া পাওয়া পাপেল চাকমা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা পাড়ার প্রয়াত চন্দ্রমনি চাকমার ছেলে। 

শুক্রবার সকালে বাড়ি থেকে পাপেল অটোরিকশা নিয়ে বের হন। তিনি পাশের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্টেশনের দিকে রওনা দেন। পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কের সোনালী ব্যাংক ঢালা নামক এলাকায় পৌঁছলে পাহাড় থেকে নেমে আসা একদল লোক তার গাড়িটির গতিরোধ করেন। পরে পাপেল চাকমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “সকালে ঘটনাটি শোনার পর থেকে পুলিশ অপহৃতকে উদ্ধারে তৎপরতা শুরু করে।”  

স্বজনদের বরাতে দুর্জয় বলেন, “এক পর্যায়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কয়েক দফা যোগাযোগের দেড় লাখ টাকা মুক্তিপণে অপহৃতকে ছেড়ে দিতে রাজি হয়।”

পাপেল চাকমার স্বজনরা জানিয়েছে, অপহরণকারীদের কথামত মুক্তিপণের টাকা নিয়ে পাহাড়ের বিশেষ একটি এলাকায় যান তারা। সেখানে দেড় লাখ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেওয়া হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।”

পুলিশের এ পরিদর্শক বলেন, “ঘটনার পর থেকে পুলিশ পাহাড়ের সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, এ নিয়ে গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।