বাড়ির সীমানার বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের
নেত্রকোণার মদনে বৃহস্পতিবার বিকালে এ ঘটনার পর শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নেত্রকোণার মদনে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কাপাসাটিয়া গ্রামে আহত হওয়ার পর শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান।
নিহত দ্বীন ইসলাম (৫০) উপজেলার কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তার ছোট ভাই সম্রাট।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে দ্বীন ইসলামের সঙ্গে ছোট ভাই সম্রাটের তর্কবিতর্ক হয়। এ সময় সম্রাট বড় ভাইকে লাঠি দিয়ে আঘাত করে।
আহতাবস্থায় পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে সেখানে দ্বীন ইসলাম মারা যান।
ওসি নাহিদ হাসান, “খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তবে মারা যাওয়ার খবর পেয়েই সম্রাট তার পরিবার নিয়ে পালিয়ে গেছে।”
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
