১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন মোট ২৭ শিশুর মৃত্যু হল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 10:45 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন মোট ২৭ শিশুর মৃত্যু হল।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নয়মাস বয়সী শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। 

জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা শিশুটিকে গত ২ মে হামের উপসর্গ থাকায় স্বজনরা হাসপাতালে ভর্তি করিয়েছিল।

বৃহস্পতিবার সকালে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন ৪০ শিশুসহ মোট ভর্তি রয়েছে ৯৪ শিশু। ঢাকায় রেফার্ড করা হয়েছে এক শিশুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ১ হাজার ১৪৫ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ছাড়া পেয়েছে ১ হাজার ২৪ শিশু এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছে ১৯ শিশু।

এদিকে ওয়ার্ডটিতে অতিরিক্ত শিশু রোগীর চাপ বাড়ায় ভোগান্তিও বেড়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের। 

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশুর স্বজন ফরিদা আক্তার বলেন, “বেড না পাওয়ায় মানুষজন মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। একটি শিশুকে ভর্তি করানোর সাথে সাথেই চিকিৎসক পাওয়া যায় না, আসে কয়েক ঘণ্টা পর। ডাক্তাররা আরেকটু আন্তরিক হলে আমাদের নিষ্পাপ শিশুগুলো দ্রুত সুস্থ হয়ে উঠতো।”

তবে সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ সেবা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান। 

তিনি বলেন, “হামে এমন অবস্থা সৃষ্টি সেটা চিন্তার বাহিরে ছিল। ওষুধ এবং স্টাফ সীমিত থাকায় কিছুটা ভোগান্তির কারণে রোগীর স্বজনদের অভিযোগ রয়েছে। তবে রোগীর সংখ্যা যতই বাড়ছে আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।”