Published : 11 Aug 2026, 05:59 PM
শেরপুরের নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আগলি গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানন।
নিহত ১৬ বছর বয়সী দিয়ামনি অন্তি নকলা উপজেলার চর বাছুর আগলি গ্রামের দুলাল মিয়া ও আফরোজা বেগম দম্পতির মেয়ে। সে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ, এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ওই পরীক্ষায় অংশ নিয়ে অন্তি চারটি বিষয়ে অকৃতকার্য হন। ফল জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ভোরে পরিবারের সদস্যরা তাকে বসতঘরের ভেতরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের ধারণা, চারটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় লজ্জা ও ক্ষোভ থেকে অন্তি আত্মহত্যা করেছে।
ওসি রিপন গোপ বলেন, “ওই এসএসসি পরীক্ষার্থীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”