Published : 19 Jan 2026, 12:46 AM
ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে ওই ছেলে নবজাতকের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মেহেদী মাসুদ বলেন, সন্ধ্যায় ৯৯৯ থেকে কল করে জানানো হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় একটি কার্টনে নবজাতককে ফেলে রাখা হয়েছে। পুলিশের একটি দল তখন ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরে নবজাতকের মরদেহ ভালুকা মডেল থানায় পাঠানোর তথ্য দেন তিনি।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, সন্ধ্যার আগে মোটরসাইকেলে এসে দুই যুবক নবজাতকসহ কার্টনটি মহাসড়কের পাশে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবক বিষয়টি দেখে স্থানীয়দের জানায়। পরে তারা নবজাতকটিকে জীবিত অবস্থায় দেখতে পায়। কিন্তু হাসপাতালে নিলেও সেটিকে বাঁচানো যায়নি।
ভালুকা মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।