২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হাসপাতালে ‘তুলকালাম’: বিএনপি নেতাকে শোকজ

এছাড়া জেলা যুবদলের এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

যশোরে হাসপাতালে ‘তুলকালাম’: বিএনপি নেতাকে শোকজ
সিসি ক্যামেরার ভিডিও থেকে নেওয়া ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 07:02 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর জেনারেল হাসপাতালে ৫ কোটি টাকার টেন্ডার নিয়ে তুলকালামের ঘটনায় দলের স্থানীয় নেতাকে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি।

পাশাপাশি স্থানীয় যুবদলের এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু।

সাবুর সই করা বিবৃতিতে বলা হয়েছে, “বৃহ্স্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যে সংবাদ পরিবেশিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা কমিটি তা গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রথমত, ঘটনাটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।”

যশোর জেনারেল হাসপাতালের ৫ কোটি টাকার চিকিৎসা উপকরণ সরবরাহের টেন্ডার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুর উপস্থিতিতে দলের কর্মীদের হাতে বৃহস্পতিবার সকালে নিজ অফিস কক্ষে লাঞ্ছিত হন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ। 

এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফোনে ফোনে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা শরফুদ্দৌলা ছোটলু হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলে তার কক্ষ ত্যাগ করেন। এর পরপরই কক্ষে প্রবেশ করেন স্থানীয় যুবদলের হাবিবুল্লাহ নামে একজন। তিনি ঢুকেই তত্ত্বাবধায়ককে শাসাতে থাকেন। 

এর মধ্যেই ছোটলুর নেতৃত্বে আরো ৭-৮ জন ফের কক্ষে ঢুকেন। তখন ছোটলু ও হাবিবুল্লাহকে উত্তেজিত হতে দেখা যায়। 

এক পর্যায়ে ছোটলু তত্ত্বাবধায়কের তার চেয়ার থেকে উঠিয়ে দিতে হাবিবুল্লাহকে নির্দেশ দেন। 

নির্দেশ মত এগিয়ে গেলে তত্ত্বাবধায়কও হাবিবুল্লার জামার কলার ধরে আত্মরক্ষা করেন। 

এ সময় দুজনের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। পরে হাসপাতালের কর্মীরা এগিয়ে গেলে ছোটলু তার লোকজন নিয়ে বের হয়ে যান।

তবে ছোটলু হাসপাতালের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন বলেন, হাবিবুল্লাহর সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়কের কোনো কিছু নিয়ে ঝামেলার জেরে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। তিনি ঠেকানোর চেষ্টা করেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, টেন্ডারবাজী বা দখলদারিত্বের মত কোনো বিষয়ে বিএনপির কারও কোনো ধরনের সংশ্লিষ্টতা কঠোরভাবে নিষেধ আছে। 

এতে আরও বলা হয়, ব্যক্তিগত ব্যবসায়িক বা ঠিকাদারি কাজে কেউ অনৈতিক সুবিধা নিতে চাইলে সে ব্যক্তি দলের যে পর্যায়ের নেতা বা কর্মীই হোক, তার বিরুদ্ধে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেচ্ছে বা নেবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার হাবিবুল্লাহ যুবদলের একজন সদস্য হওয়ায় ইতোমধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে। 

“ঘটনাস্থলে উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে জেলা বিএনপির সদস্য একে শরফুদ্দৌলা ছোটলুকে শোকজ করা হয়েছে। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।”