এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী সাইমনকে
ছাত্রাবাসে ঘুমের মধ্যে হঠাৎ বিছানা থেকে পড়ে যান সাইমন।
মস্তিষ্কের রক্তক্ষরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন।
বুধবার সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
মৃত জাহিদুল ইসলাম সাইমন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ছিলেন।
মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে সাইমনের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। আনুষ্ঠানিকতা শেষে তারা হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করবেন।
শনিবার রাতে ছাত্রাবাসে ঘুমের মধ্যে হঠাৎ বিছানা থেকে পড়ে যান সাইমন। তখন সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।
