‘জুলাই শহীদ দিবস’: রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মঞ্চে শহীদ পরিবার, উপদেষ্টাদের আসন নিচে
“আমরা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। শহীদরা আমাদের গর্ব।”
জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের মঞ্চে বসিয়ে সম্মান প্রদর্শন করেছে কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হচ্ছে শহীদ আবু সাঈদ স্মরণে ‘জুলাই শহীদ দিবস’।
দিনটি উপলক্ষ্যে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মঞ্চের সামনে দর্শক সারিতে বসেন দুই উপদেষ্টাসহ অন্য অতিথিরা।
অনুষ্ঠানের মূল মঞ্চে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের পাশে বসেন আরও ২১ জন শহীদ পরিবারের সদস্যরা। অন্যদিকে, দর্শক সারিতে বসেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তাদের সঙ্গে একই সারিতে বসেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য তানজীমউদ্দীন খান, বেরোবি উপাচার্য প্রফেসর শওকাত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী বলেন, “আমরা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। শহীদরা আমাদের গর্ব। তাদের পরিবারের সদস্যরা আমাদের মূল অতিথি।
“শুধু তাই নয়, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে এ অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে।”
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের বামন আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি বের করা হয়। সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয় আবু সাঈদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর।
সাঈদ নিহত হওয়ার স্থানে ‘আবু সাঈদ চত্ত্বর’ ঘোষণার মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু করা হয়।
