২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত বাড়িতে নিখোঁজ মিস্ত্রির লাশ, দেখে ‘অজ্ঞান’ মালিক

“একটি পরিত্যক্ত ঘর থেকে পচা গলা লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা নিয়ে আসি।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 04:38 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ফরিদপুরের নিখোঁজের পাঁচদিন পর এক রঙ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বেলা ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের আক্কাস শেখের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফরিদপুরের এএসপি (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান।

মৃত উজ্জ্বল মোল্লা ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরপুর গ্রামের বাহাদুর মোল্লার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। মাদক সেবন করতে প্রায়ই আক্কাস শেখের পরিত্যক্ত বাড়িতে যেতেন তিনি এবং মাঝে মাঝে সেখানে রাত্রিযাপন করতেন। গত ৫-৬ দিন ধরে উজ্জ্বলের খোঁজ মিলছিল না।  

শুক্রবার দুপুরের দিকে আক্কাস শেখ নৌকা নিয়ে তার পরিত্যক্ত বাড়িতে যান। সেখানে ঘরের মধ্যে লাশ পড়তে থাকদে দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

এএসপি আসিফ ইকবাল বলেন, “একটি পরিত্যক্ত বাড়ির ঘর থেকে পচা গলা একটি লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।”

তিনি বলেন, “উজ্জ্বল মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। বাড়িতেও যেতেন না।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।”